Thursday, September 6, 2007

ইউনিকোড আরেকটু সহজভাবে....

আগের পোস্টটা লিখার পর মনে হলো অনেক কিছু বাদ দিয়ে গেছি। অভ্র'র হেল্প ফাইলের উপর ভরসা করেই সব ছেড়ে দিয়েছি। আরেকটু সহজ করে এবার ধাপে ধাপে দেখিয়ে দেই কি করে বাংলা লিখতে হবে..


১. সবার আগে দেখতে হবে তোমার কম্পিউটারে ইউনিকোড আছে নাকি। আমার পরামর্শ হলো, দেখাদেখি বাদ দাও, কমপ্লেক্স ইনস্টল করে ফেলো। আগে থেকেই যদি ইউনিকোড থাকে তো ভালো, আপডেটেড হয়ে যাবে। আর না থাকলে ইনস্টল হয়ে যাবে। সম্ভবত কম্পিউটার রিস্টার্ট করতে হবে। করে ফেলো।

২. অভ্র'র লিংক আগের পোস্টেই আছে। আবার দিলাম এখানে। নামিয়ে ইনস্টল করে ফেলো।

৩. অভ্র ইনস্টল হওয়ার সময় নিজে থেকেই কিছু বাংলা ফন্ট ইনস্টল হয়ে যায়। পছন্দ না হলে এখান থেকে একটা নামিয়ে নিজে থেকে ইনস্টল করে নিতে পারো।

৪. ফন্ট আর অভ্র রেডি৷ এখন কোন ফন্টে লিখবে? মজিলা ব্যবহার করলে সেখানে ফন্ট সেটাপ করতে হবে, আই-ই করলে সেখানেও৷ অথবা এম এস ওয়ার্ডে ... শুনে অনেক গ্যান্জাম মনে হচ্ছে? আসলে জলবৎতরলং। এখান থেকে নামিয়ে ফেলো ফন্ট ফিক্সার। ইন্সটল করতে হবে না৷ জাস্ট রান ডাবল ক্লিক করো, তারপরে লিষ্টি থেকে পছন্দের ফন্ট সিলেক্ট করে সেট করে দাও। এখন যেখানেই ইউনিকোড পাবে ওখানেই ঐ পছন্দের ফন্টে লেখা দেখবে৷ ব্যস... তোমার কম্পিউটার এখন "বাংলা রেডি"।

৫. যখন তুমি অভ্র'তে অভ্যস্ত হয়ে যাবে, তখন অভ্র ছাড়া কোনো পিসি ব্যবহার করলে কি-জানি-নেই-নেই মনে হয়। চিন্তার কোনো কারন নেই। অমিক্রন ল্যাবের ধীবররা এর সমাধান চিন্তা করে রেখেছে। অভ্র পোর্টেবল কোনো একটা ইউএসবি ড্রাইভে সেভ করে নাও। তারপর যে কম্পিউটার ব্যবহার করছো সেখানে এক্সট্রাক্ট করে বাংলা লেখা শুরু করে দাও।

আশা করি এবার ব্যপারটা অনেক সহজ হয়ে যাবে। আরো যদি প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারো অথবা ইন্টারনেটে একটু সার্চ করলে অনেক ভালো ভালো আর্টিকেল পাবে।

ইউনিকোড বাংলা...



এই টপিক নিয়ে আমি অন্তত দশটির বেশী লেখা দেখেছি বিভিন্ন অনলাইন ফোরামে। সবচেয়ে ভালোটা আছে বোধহয় বিজ্ঞানী ডট কম-এ। লিখেছেন ড. মশিউর রহমান। আমি লেখাটা হুবহু এখানে তুলে দিলাম। প্রয়োজনে আসল লেখাটা পড়া যাবে এখানে।

----------------------------------------------------------------------------------------
আপনারা নিশ্চয় এর মধ্যে ইউনিকোড সমন্ধে জেনেছেন। কম্পিউটারে বাংলা প্রচলনের জন্য ইউনিকোড একটা অসাধারণ সুবিধা এনে দিয়েছে যা এতদিন পর্যন্ত হয়নি। সেই ৮০ এর পরে কম্পিউটারে বাংলা প্রচলন হলেও তা হয়েছে গুটিকয়েক প্রতিষ্ঠানের উদ্দোগ্যে হয়েছে এবং তারা তাদের সুবিধামত বিভিন্ন ধরনের ফন্ট বের করেছে। কিন্তু কোন সাধারণ কোন কোড ছিলনা। ইউনিকোডে বিভিন্ন ভাষাকে প্রকাশ করবার জন্য সুনির্দিষ্ট কিছু চার্ট তৈরী করেছে। এবং তার মধ্যে আমাদের প্রিয় বাংলা ভাষাও আছে। আমরা সবাই মিলে যদি একটা চার্ট তৈরী করতাম তবে সমস্যা ছিলনা। কিন্তু দুঃখ হল সেই কাজটা করল বিদেশীরা। সে যাই হোক একটা কমন প্লাটফর্ম হবার সুবিধা হবার কারণে কম্পিউটারে প্রচলনের ক্ষেত্রে সুবিধা হল। এখন যে সমস্ত সফটওয়্যার বের হচ্ছে তা বেশীরভাগই ইউনিকোর্ড সাপোর্ট করছে, ফলে সেগুলিতে বাংলা ব্যবহার করতে পারছি। আর আমাদের বেশীরভাগ বাংলা ব্যবহারকারী উইন্ডোজ ব্যবহার করেন। আর এর নতুন এক্সপি সংস্করণে বাংলা সাপোর্ট করে। মাইক্রোসফট ভৃন্দা নামে একটি ফন্ট ব্যবহার করে। তবে আপনি ইচ্ছা করলে ইউনিকোডের যে কোন বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন।

ইউনিকোড সমন্ধে আরো বিস্তারিত দেখুন

কিভাবে ইউনিকোডে বাংলা টাইপ করব?
ইউনিকোডে বাংলা দেখা সমস্যা না হলেও বাংলায় লিখতে আপনাকে অন্য কোন সফটওয়ারের সাহয্য নিতে হবে। আমি ব্যাক্তিগত ভাবে অভ্র ও একুশে স্বাধীনতা ব্যবহার করি। দুটিই অনেকটা একই রকম। তবে দুটির কিবোর্ডের লেআউটে কিছুটা পার্থক্য রয়েছে। দুটিই বিজয়ের কিবোর্ডকে ভিত্তি হিসাবে ব্যবহার করেছে। আপনারা যারা বিজয় ব্যবহার করেছেন তাদের জন্য সুবিধা হবে। তবে যারা বিজয় এর কিবোর্ড মুখস্ত করেন নি তারা অক্ষর ব্যবহার করতে পারেন। অক্ষরে ইংরেজি উচ্চারণে টাইপ করে ইউনিকোডে বাংলা টাইপ করা যায়।

----------------------------------------------------------------------------------------

এর সঙ্গে আমি যা যোগ করতে চাই তা হলো, যদিও ড. মশিউর রহমান একুশে এবং অভ্র ব্যবহার করতে বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি অভ্র অনেক বেশী সহজ এবং ইউজার ফ্রেন্ডলি। যারা বিজয় দিয়ে টাইপ করেছেন তাদের জন্য অভ্রতে রয়েছে ইউনিজয়, যা বিজয় এরই ইউনিকোড ভার্সন। অভ্র'র নতুন একটা সংস্করন বেরিয়েছে যেটা আগের সব সংস্করন থেকে অনেক ভালো। বিশেষ করে আনকোরা নতুন ব্যবহারকারীরা অনেক লাভবান হবেন। এটা এতোই সোজা যে, ami banglay gan gai টাইপ করলে "আমি বাংলায় গান গাই" লিখে দেবে। আর তাছাড়া আছে ফোনেটিক্স এবং মাউস দিয়ে গুতিয়ে গুতিয়ে লেখার সুবিধা। মোট কথা, এতোদিন যারা কম্পিউটারে বাংলা লিখতে ভয় পেতো, তারা এখন খুব সহজেই বাংলা লিখতে পারবো।

হাই ফাইভ এবং ফেসবুক বন্ধুদের বলছি, আমি অনেক গ্রুপ দেখেছি যারা এসব সাইটে বাংলা সাপোর্ট দেয়ার জন্য সাইট এ্যডমিনদের কাছে দাবি জানিয়ে আসছে। এরকম হাই ফাইভে একটা গ্রুপ আছে যারা দাবি জানিয়ে আসছে হাই ফাইভে বাংলা সমর্থন করা হোক। আমি তাদের সেই গ্রুপে যোগ দিলাম। পরে সেই গ্রুপের মালিকের কাছে শুনি তার আসল দাবি হলো, হাই ফাইভে যখন নতুন কেউ রেজিস্টার করে, তখন দেশ বেছে নেয়ার অপশনে বাংলাদেশ থাকে, কিন্তু ভাষা বেছে নেয়ার অপশনে বাংলা ভাষার কোনো নাম-গন্ধ নেই। তাদের দাবি এখানে বাংলা যুক্ত করা হোক। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে যদি বাংলা থাকতো তাহলে তোমার কি মনে হয়, কত জন বাংলায় তাদের সাইট বানাতো। তুমি নিজে কি বাংলায় সাইট বানাতে পারবে নাকি ইংরেজি অক্ষরে বাংলা লিখবে। তাই যদি হয় তাহলে তোমার এই দাবির অর্ধেকের বেশি পুরণ হয়ে গেছে। কারন এসব সাইটে (এবং আজকাল প্রায় সবখানেই) ইংরেজি হরফেই বাংলা লেখা হয়। সে আমাকে আর রিপ্লাই দেয়নি।

অথচ অভ্র'র সাহায্যে যে কেউই বাংলায় সাইট বানাতে পারবে। শুধু যে সাইটটাতে তোমার একাউন্ট আছে, সেটা ইউনিকোড সাপোর্ট করতে হবে (সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আজকাল প্রায় সব সাইটই ইউনিকোড সাপোর্ট করে। আর বড় বড় পোর্টালগুলো এবং সামাজিক নেট ওয়ার্ক সাইটগুলো ইউনিকোড সাপোর্ট এজন্য দেয় যে তারা জানে তাদের সদস্যরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং ইউনিকোডই পারে নিজের ভাষায় কম্পিউটারে লেখার ক্ষমতা দিতে।

অভ্র'র সাথে খুব ভালো এবং কাজের একটা হেল্প ফাইল আছে। আসলে একটা না, অনেক গুলোই আছে, নানা টপিক নিয়ে। যদি তুমি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করো তাহলে তোমার সেটিংস কি হবে, ফায়ারফক্স বা অপেরা ব্যবহার করলে কি সেটিংস হওয়া উচিত.. এইসব টপিকের উপর চমৎকার সব হেল্প ফাইল আছে।

এবার কিছু কাজের লিংক দিয়ে দেই.....

অভ্র ডাউনলোড করো এখান থেকে।
Omicronlab
বাংলা ফন্ট ডাউনলোড

আমি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করি কারন এটি ইন্টারনেট এক্সপ্লোরার থেকে দ্রুত এবং ইউনিকোডভিত্তিক সাইটের জন্য বিশেষভাবে তৈরী করা। ডাউনলোড করার জন্য যাও www.mozilla.com

আমার এই লেখা যদি তোমাকে কম্পিউটারে বাংলা লেখায় উদ্ভুদ্ব করে তাহলে এই লেখা সার্থক। চেষ্টা করে তোমার বন্ধুদের মধ্যে যদি একজনকেও বাংলা লেখায় দক্ষ করতে পারো, এবং সে যদি তার একজন বন্ধুকে শেখায়, তাহলে আগামী কিছু দিনের মধ্যেই সবাই বাধ্য হবে তাদের সাইটে বাংলা'র অপশন রাখতে এবং সেজন্য আমাদের কোনো রকম দাবি জানাতে হবেনা। তারা তাদের গরজেই করবে। সেই দিনের অপেক্ষায় আছি। বাংলা ছড়িয়ে পড়ুক পৃথিবীতে।