Thursday, January 3, 2008

ম্যাংগো জুস এবং পাকিস্তানিদের ক্ষমা প্রসঙ্গ...


এই পোস্টটা লিখতে একটু দেরি হয়ে গেলো। আগের মতোই নানারকম ঝামেলার কারনে লিখতে বসার সময় বা ইচ্ছে হয়না। কিন্তু খবরটা পেপারে পড়ার পর থেকেই ভাবছিলাম লিখতে হবে।

আমি যখন ঢাকায় বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করতাম, আমার টিমে একসাথে কাজ করতো জুয়েল ভাই। আমি ডিজাইন করতাম আর জুয়েল ভাই কপি লিখতো। এটা অনেকটা মানিকজোড়ের মতো। গ্রাফিক ডিজাইনার আর কপি রাইটার একে অপরের পরিপুরক এবং এই জুড়িটা তৈরি হতে বেশ সময় লাগে। কেনো জানি জুয়েল ভাইয়ের সাথে আমার শুরু থেকেই বেশ জমে গেলো। দুজনে একসাথে একই ক্যাম্পেইনে কাজ করি এবং আমাদের ভালো বোঝাপড়া দেখে ক্রিয়েটিভ ডিরেক্টর সব সময় আমাদের একই কাজ দেন।

এবার আসল ব্যাপারটায় আসি। যেহেতু জুয়েল ভাইয়ের সঙ্গে আমার বেশ ভাব, দুই জনেই সারাক্ষন একসাথে ঘোরাফেরা করি। লাঞ্চে যাই একসাথে এবং তখনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। লাঞ্চ শেষ করে এটা ওটা খাওয়া আমার অভ্যাস। কোনো দিন আইসক্রিম, কোনো দিন জুস বা সোডা। এই জুস খাওয়ার ব্যাপারে দেখলাম জুয়েল ভাই সাঙ্গাতিক বাছাবাছি করেন। বোতল হাতে নিয়ে মিনিট পাঁচেক ধরে লাগানো লেবেল পড়ে দেখেন। ততক্ষনে আমি আমারটা শেষ করে ফেলেছি। একদিন বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম কি দেখেন এত্তো? ওনার উত্তর, দেখি জুস খাচ্ছি না রক্ত খাচ্ছি। আমি তো অবাক। উনি বুঝিয়ে বললেন, "বোতল হাতে নিয়ে দেখি কোথায় তৈরী। পাকিস্তানি জুসে বাজার ভর্তি হয়ে গেছে।" আমি আবার জিজ্ঞেস করি, তাতে সমস্যা কোথায়? উনার জবাব, " সমস্যা হচ্ছে আমার পাকিস্তান এলার্জি আছে। পাকিস্তানি কিছু পরতে পারিনা, গা চুলকায়। খেতে পারিনা, পেট খারাপ হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি চাইনা আমার টাকায় পাকিস্তানের অর্থনীতি সমৃদ্ধ হোক। এখন বাজারে গেলে দেখবে বেশির ভাগ জুসই পাকিস্তানে তৈরি। অন্যদের কথা জানিনা, কিন্তু আমি এসব জুস খেতে পারিনা। আমার বাবা যুদ্ধ করেছে, ভাই যুদ্ধ করেছে। তুমি জানো আমাদের মুক্তিযোদ্ধাদের কি অবস্থা এখন। আমার টাকা যদি খরচ করতেই হয় আমি চাইব সেটা যেনো তাদের কল্যানে খরচ হয়, অন্তত যেনো আমার দেশের অর্থনীতিতে কাজে আসে। যারা আমার বাপ-ভাইদের লাইন ধরিয়ে মেরেছে তাদের অর্থনীতিতে আমার কোনো অবদান রাখতে চাইনা।" বুঝলাম। উনার কথায় যুক্তি আছে। বিপক্ষেও অনেক কিছু বলা যেতো, কিন্তু আমি চুপ করে মেনে নিলাম এবং সেদিনের পর থেকে শুধু উনাকে সম্মান দেখানোর জন্যই পাকিস্তানি পণ্য বর্জন করলাম। বিদেশে আসার পর এটা নিয়ে অনেক বিপদে পড়েছি। কারন এখানে বেশির ভাগ চাল বা আটা পাকিস্তানি, যে দোকানে বিক্রি হয় তার মালিক পাকিস্তানি। কিন্তু আমি এখনো আমার অবস্থান বদলাইনি। ওনার সাথে এরপর আরো একবছর কাজ করেছি। এই একবছরে ব্যাপারটা একটা অভ্যাসের মতো হয়ে গেলো। ওনার একটাই কথা। যেদিন পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে সেদিন থেকে উনি পাকিস্তানি পণ্য ব্যাবহার করবেন।

উপরে যে ছবিটা দিলাম সেটা ২৭ বা ২৮ ডিসেম্বরের প্রথম আলো থেকে নেয়া। খবরটা হলো, পাকিস্তানি মিডিয়া এবং আইনজীবিদের একাংশ তাদের প্রেসক্লাবে একটা ব্যানার ঝুলিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে। ব্যানারে তারা লিখেছে, "dear Bangladeshi's, Sorry for 71 genocide, from Pakistani lawyers and media". খবরটা নিঃসন্দেহে ভালো। জনগন আর সরকার সবসময় এক কথা বলেনা বা মাঝে মাঝে একে অপরের প্রতিনিধিত্ব করেনা। এর প্রমান আমরা একাত্তরেই দেখেছি। আমেরিকা যখন পাকিস্তানকে নির্লজ্জের মতো সাহায্য করে যাচ্ছে, ঠিক তখনি জর্জ হ্যারিসন এবং বব ডিলানের মতো মানুষেরা মরিয়া হয়ে বাংলাদেশের জন্য নানা ভাবে অর্থ সংগ্রহ করছে। পাকিস্তান সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি। অদুর ভবিষ্যতে কোনোদিন চাইবে এই আশা আমি করিনা। বাংলাদেশের মেরুদন্ড এখনো অতোটা শক্ত হয়নি যে জোর গলায় ক্ষমা চাওয়ার কথা তুলতে পারে। সেরকম শক্তি আমাদের আদৌ কোনোদিন হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। সুতরাং এই ব্যাপারে আশাবাদি না হওয়াই ভালো। কিন্তু নানা রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেও দলছুট এই পাকিস্তানিগুলোকে আমি ধন্যবাদ দেই তাদের সৎ সাহসের জন্য। কিন্তু আমার মন ভিজেনি এখনো। আমরা আমাদের পূর্ব পুরুষের রক্তের গন্ধ শুঁকে শুঁকে বড় হয়েছি। এইটুকুতে মনে হয় জুয়েল ভাই পাকিস্তানি পণ্য কেনা শুরু করবেন না। আমাকেও আরো অনেক দিন, হয়তো আজীবন পাকিস্তানি কাবাবের দোকানের সামনে দিয়ে গন্ধ শুঁকেই যেতে হবে। এলার্জির কারনে খাওয়া আর হবেনা। বাঙালির এলার্জি সাঙ্ঘাতিক ছোঁয়াচে, এটা কে না জানে!!!